
মো: সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ অন্যান্য উপকরণ পাঠানো হয়।
সিরাজগঞ্জ-৩ সংসদীয় আসনে নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল থেকেই তাড়াশ উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে কেন্দ্রভিত্তিক সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়।
নির্বাচনি সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্স, চটের থলি, স্ট্যাপলার মেশিন ও পিন, অমোচনীয় কালি, রাবার সিল, মার্কিং সিল, স্ট্যাম্প প্যাড এবং চার্জার লাইটসহ প্রয়োজনীয় অন্যান্য উপকরণ। এসব সরঞ্জাম নিরাপত্তার মধ্য দিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নুসরাত জাহান জানান, ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য রাখতে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, সম্ভাব্য নাশকতা এড়াতে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিজিবি ও সেনাসদস্যরা টহল দিচ্ছেন।
পাশাপাশি ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা মহড়া পরিচালনা করছেন।
প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট সম্পন্ন হবে।
Leave a Reply