
মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় নিখোঁজের ২৭ দিন পর চার মাস বয়সী শিশু আশরাফুলের মরদেহ নিজ বাড়ির পিছনে টয়লেটের ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন পানির ভেতরে থাকায় মরদেহটি বিকৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে।
শিশু আশরাফুল উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি কাঁঠালতলা গ্রামের বাসিন্দা শাহিনের ছেলে। শাহিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের গাড়িচালক হিসেবে কর্মরত।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে বাড়ির পেছনের টয়লেটের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শিশুটির দাদা ট্যাংকের ভিতরে মরদেহ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
শিশু আশরাফুলের পরিবার সাংবাদিকদের জানায়, গত ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা তাকে ঘরের ভেতর দোলনায় শুইয়ে রেখে বাড়ির পাশে ঝাড়ু দিতে যান। কিছুক্ষণ পর তার সাত বছর বয়সী বড় ছেলে এসে জানায়, দোলনায় ছোট ভাই নেই। এরপর পরিবারের সদস্যরা আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
ভৈরব সার্কেলের এএসপি মোহাম্মদ ফয়জুল ইসলাম সাংবাদিকদের জানান, নিখোঁজের ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি তদন্ত করছিল। মরদেহ উদ্ধারের পর তদন্ত আরও জোরদার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন খন্দকার বলেন, প্রশাসন শুরু থেকেই ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিশু আশরাফুলের দাদির অভিযোগ, তার ছোট ছেলের বউ দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে বিরূপ আচরণ করতেন এবং বিভিন্ন সময় হুমকি দিতেন। পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
পুলিশ জানিয়েছে,অভিযোগসহ সংশ্লিষ্ট সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোন নিশ্চিত মন্তব্য করা যাচ্ছে না।
Leave a Reply