
স্টাফ রিপোর্টার (কালীগঞ্জ, ঝিনাইদহ):
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এবং প্রধানমন্ত্রীর সহকারী রাজনৈতিক (রাজনৈতিক সচিব) মো. রাশেদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান কালীগঞ্জ উপজেলাজুড়ে সরকারি দপ্তরসহ সব ক্ষেত্রে ঘুষ, দুর্নীতি ও মাদককে স্পষ্টভাবে ‘হারাম’ ঘোষণা করেন। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজকের পর থেকে কালীগঞ্জের কোনো সরকারি দপ্তরে ঘুষ লেনদেন চলবে না। কারও বিরুদ্ধে ঘুষের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাকে কালীগঞ্জে থাকতে দেওয়া হবে না। এ বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি মেনে চলবে।”
সাংবাদিকদের পেশাগত স্বাধীনতার নিশ্চয়তা দিয়ে তিনি আরও বলেন, “গণমাধ্যমকর্মীদের শতভাগ কাজের স্বাধীনতা দেওয়া হলো। আমি রাশেদ খান নিজে কিংবা অন্য যেকোনো প্রভাবশালী রাজনৈতিক নেতা যদি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত থাকে, তবে আপনারা নির্ভয়ে তথ্য-প্রমাণসহ সংবাদ প্রকাশ করবেন।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, বর্তমান সরকার কোনো অবস্থাতেই ‘মব’ সংস্কৃতি বা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতাকে প্রশ্রয় দেবে না।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান, তবিবুর রহমান মিনি, এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা কালীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন তরান্বিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখার ওপর জোর দেন।
Leave a Reply