
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নবীউল্লাহ পান্নার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট -১ম আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান তার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আজ সকালে গ্রেপ্তারের পর নবীউল্লাহ পান্নাকে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মেট্রোপলিটন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শ্রী বিজন। তিনি মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
এ সময় লিগ্যাল এইডের আইনজীবী আসামির জামিনের আবেদন করেন। পরে আদালতে দুটি আবেদনের শুনানি শেষে নবীউল্লাহ পান্নার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেইসঙ্গে আগামী ৬ অক্টোবর পরবর্তী হাজিরার দিন ধার্য করে আদেশ প্রদান করেন।
নবীউল্লাহ পান্না আজ বুধবার ভোররাতে রংপুর নগরীর খামার মোড় এলাকা থেকে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা এবং হত্যার নির্দেশসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ফল ব্যবসায়ী মেরাজুল হত্যা মামলায় পান্নাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
Leave a Reply