প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৮:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ৪:১৩ এ.এম
গোসাইরহাটে বাড়িতে ঢুকে নারীসহ ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

ধানের জমিতে ট্রাক চালানো নিয়ে বিরোধের জেরে হামলা, থানায় মামলা
শরীয়তপুরের গোসাইরহাটে ধানের জমির ওপর দিয়ে ট্রাক চালানোকে কেন্দ্র করে বিরোধের জেরে বাড়িতে ঢুকে এক নারীসহ একই পরিবারের তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে গোসাইরহাট থানায় মামলা করেছেন আহত এক ব্যক্তির স্ত্রী।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চরমাইজারী গ্রামের বসকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন—চরমাইজারী গ্রামের আলী আহম্মদ বেপারী (৩৫), তাঁর স্ত্রী শিরিন বেগম (৪৫) ও বাবা ইউছুপ আলী বেপারী (৬৫)। তাঁদের উদ্ধার করে প্রথমে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আলী আহম্মদ বেপারী বাড়ির পশ্চিম পাশে নিজের ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় আবু কালাম ঘরামী ওই জমির ওপর দিয়ে ট্রাক নিয়ে যাওয়ার সময় ধানের ক্ষতি হয়। বিষয়টি নিয়ে আলী আহম্মদ ট্রাকটি তাঁর জমির ওপর দিয়ে না নেওয়ার জন্য নিষেধ করলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবু কালাম ঘরামী তাঁকে গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এরপর আলী আহম্মদ বাড়িতে চলে আসেন। কিছুক্ষণ পর আবু কালাম ঘরামী তাঁর ছেলেসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ আলী আহম্মদের বাড়িতে প্রবেশ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, বাড়িতে ঢুকেই হামলাকারীরা আলী আহম্মদের স্ত্রী শিরিন বেগমকে মারধর শুরু করেন। একপর্যায়ে সজীব ঘরামী ধারালো দা দিয়ে শিরিন বেগমের মাথায় কোপ দেন। তাঁকে রক্ষা করতে ইউছুপ আলী বেপারী এগিয়ে এলে হামলাকারীরা তাঁকেও মারধর করেন। এ সময় লোহার রড দিয়ে তাঁর ডান হাতে আঘাত করা হলে হাতের হাড় ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরে আলী আহম্মদ বেপারীকেও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। হামলার সময় বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন বাদী।
এ ঘটনায় আহত শিরিন বেগমের স্বামী আলী আহম্মদ বেপারী বাদী হয়ে শুক্রবার বিকেলে গোসাইরহাট থানায় মামলা করেন। মামলায় আবু কালাম ঘরামী (৫৫), তাঁর ছেলে সজীব ঘরামী (২৩), রাজীব ঘরামী (২৫), মিরাজ ঘরামী (২১), আমিনুল ইসলাম ঘরামী (১৯) ও আবু সালাম ঘরামী (৫০)-কে আসামি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে মামলার আসামি মিরাজ ঘরামীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে খুদে বার্তা পাঠানো হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গোসাইরহাট থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আল আমিন, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
Copyright © 2026 Bangla Newspsper. All rights reserved.