আল আমিন,শরীয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মো. শামীম মিয়াকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।
সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া।
মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান গত ২৭ অক্টোবর বিএম মোজাম্মেল হককে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির জন্য সোমবার তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়াসহ কয়েকজন আইনজীবী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার ১০০ ফিট সড়কে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন বাদী মো. শামীম মিয়া। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলি লাগে। পরে চিকিৎসা গ্রহণের পর এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের আসামি করে হত্যাচেষ্টার মামলা করেন তিনি। ওই মামলার এজাহারনামীয় আসামি বিএম মোজাম্মেল হক।
শরীয়তপুরের রাজনীতিতে পরিচিত মুখ বিএম মোজাম্মেল হক শরীয়তপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এর মধ্যেই ভাটারা থানার এ মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ দিলেন আদালত।