প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৬, ১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৫:০৪ পি.এম
পুলিশের তৎপরতায় লোহাগাড়ায় অপহৃত শিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ২

মোঃ ইব্রাহিম, লোহাগাড়া-সাতকানিয়া:
চট্টগ্রামের লোহাগাড়া থানায় অপহরণ অভিযোগের ২ঘণ্টার মধ্যে স্বরূপ কান্তি দাশ (৫০) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অপহরণে ব্যবহৃত চাকু, গামছা ও ৫ লাখ টাকার একটি চেক।
রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেরানীহাট গোলচত্বর এলাকা থেকে তাকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া স্বরূপ কান্তি দাশ লোহাগাড়া উপজেলার পদুয়া ওয়ার্ড বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় বসবাস করেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, প্রতিদিনের মতো রবিবার সকাল ৭টায় কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন ওই শিক্ষক। সকাল সোয়া ৯টার দিকে তিনি লোহাগাড়ার পদুয়া বাজারে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এর প্রায় দেড় ঘণ্টা পর অপহরণকারীরা শিক্ষকের মোবাইল ফোন থেকে তার স্ত্রী জেলী চৌধুরীর নম্বরে কল করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিকেল ৩টার মধ্যে টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে কয়েক দফায় ফোন করে শিক্ষকের ওপর নির্যাতন চালানো হয় এবং কান্নার শব্দ শুনিয়ে পরিবারের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয়। একপর্যায়ে মুক্তিপণের অঙ্ক কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করে তা নিয়ে সাতকানিয়ার কেরানীহাট গোলচত্বরে যেতে বলা হয়।
ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগীর স্ত্রী লোহাগাড়া থানায় অভিযোগ করলে অভিযানে নামে পুলিশ। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত শিক্ষকের অবস্থান নিশ্চিত করে সাতকানিয়ার কেরানীহাট এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ছমদ আলী মুন্সী পাড়ার রফিক উদ্দিন (৫৩) এবং আলী সিকদার পাড়ার নেজাম উদ্দিন (৪৮)। তারা দুজনেই অতীতে ওই শিক্ষকের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। নিজেদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে ভাড়ায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তারা এই অপহরণের পরিকল্পনা করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি ছুরি, একটি গামছা, ৫ লাখ টাকার একটি চেক এবং তিনটি কার্টিজ পেপার জব্দ করা হয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করে সোমবার সকালে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Copyright © 2026 Bangla Newspsper. All rights reserved.