প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৬, ২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ৪:৫৭ পি.এম
নাটোরে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা, ব্যাটারি জব্দ

জাহিদ হাসান,নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলায় তিন ফসলি জমির উর্বরতা রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত (ভ্রাম্যমান আদালত ) পরিচালনা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের সরকুতিয়া ও সোহাগী বাজার সংলগ্ন বিলে এ অভিযান চালানো হয়।
অভিযানে তিন ফসলি জমির মাটি কাটার অপরাধে সংশ্লিষ্ট আইনে মো. জসিম উদ্দিন (২৫) নামের এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত জসিম উদ্দিন আত্রাই উপজেলার ধুলাউড়ি গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে। এছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত গাড়ির একটি ব্যাটারি জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল নলডাঙ্গা থানা পুলিশ একটি চৌকস দল এবং আনসার সদস্যবৃন্দ।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, কৃষিজমি এবং তিন ফসলি জমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
Copyright © 2026 Bangla Newspsper. All rights reserved.